Print

সারাদিন

শিল্প নিরাপত্তা ও স্বাস্থ্য শিক্ষা: স্কয়ার ফার্মা পরিদর্শনে এআইইউবি শিক্ষার্থীরা

প্রকাশিত: ১:৩৫ অপরাহন, সেপ্টেম্বর ৯, ২০২৫

জ্যেষ্ঠ প্রতিবেদক:

মাস্টার্স ইন পাবলিক হেলথ (এমপিএইচ) কোর্সের শিক্ষার্থীদের জন্য আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর পাবলিক হেলথ বিভাগ শিক্ষামূলক ফিল্ড ট্রিপকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে শিক্ষার্থীরা গত ৩০ আগস্ট গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত স্কয়ার ফার্মার প্রধান উৎপাদন স্থাপনা পরিদর্শন করেছেন।

ফিল্ড ট্রিপের মাধ্যমে শিক্ষার্থীরা পরিবেশগত ও পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। স্কয়ার ফার্মার উন্নত যন্ত্রপাতি, শিল্প নিরাপত্তা ব্যবস্থা ও কর্মীদের ঝুঁকি কমানোর পদক্ষেপ শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষণীয় ক্ষেত্র হিসেবে ভূমিকা রাখে।

স্কয়ার ফার্মার কালিয়াকৈর ইউনিটে একটি ফিটনেস সেন্টারও রয়েছে, যা কর্মীদের শারীরিক ও মানসিক সুস্থতা বৃদ্ধিতে সহায়ক। এআইইউবি-পাবলিক হেলথ বিভাগের প্রধান ড. মুহাম্মদ ওয়াসিফ আলম বলেন, সব কর্মস্থলে ইনডোর খেলাধুলা সমন্বিত ফিটনেস সেন্টার থাকা উচিত। এটি কর্মীদের সুস্থ ও নিরাপদ রাখার পাশাপাশি উৎপাদনশীলতাও বৃদ্ধি করে।

শিক্ষার্থীরা ফিল্ড ট্রিপে তাদের নেতৃত্ব, দলগত কাজ, সমস্যা সমাধান এবং সামাজিক দক্ষতা উন্নয়নের সুযোগ পেয়েছেন। তারা স্কয়ার ফার্মার নেতৃবৃন্দকে শিক্ষামূলক অভিজ্ঞতা দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

এই ফিল্ড ট্রিপ শিক্ষার্থীদের ক্লাসরুম শিক্ষা ও বাস্তব জীবনের অভিজ্ঞতাকে একত্রিত করার মাধ্যমে পাবলিক হেলথ শিক্ষাকে আরও কার্যকর ও প্রযোজ্য করছে।

Nagad
Nagad