Print

সারাদিন

উৎসবমুখর পরিবেশে ডাকসুর ভোটগ্রহণ সম্পন্ন, অপেক্ষা ফলাফলের

প্রকাশিত: ৪:২৬ অপরাহন, সেপ্টেম্বর ৯, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণে প্রায় ৪০ হাজার শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা, ফলাফল ঘোষণার অপেক্ষায় শিক্ষার্থীরা।

অনেক দিন পর অনুষ্ঠিত এ নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। জাতীয় নির্বাচনের আগে ডাকসু ভোটকে রাজনৈতিক দলগুলোও গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এ পর্যন্ত মাত্র আটবার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৯ সালে।

এবারের নির্বাচনে আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোট দেন শিক্ষার্থীরা। ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। পাশাপাশি ১৮টি হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন এক হাজার ৩৫ জন। সব মিলিয়ে ভোটারদের দিতে হয়েছে ৪১টি ভোট।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি করেছে, গত ১৫ দিনের নানা শঙ্কা কাটিয়ে সুষ্ঠু পরিবেশে নির্বাচন আয়োজন সম্ভব হয়েছে। শিক্ষার্থীরা এখন আগ্রহভরে ফলাফলের অপেক্ষায়।

Nagad
Nagad