প্রকাশিত: ৫:২৬ অপরাহন, সেপ্টেম্বর ৯, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে দায়িত্ব পালনকালে তরিকুল শিবলী (৪০) নামে এক সাংবাদিক মারা গেছেন। তিনি চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতরে অচেতন অবস্থায় পড়ে যান তরিকুল শিবলী। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সহকর্মী সোহেল রানা জানান, ডাকসু নির্বাচন নিয়ে সরাসরি সম্প্রচার (লাইভ) করার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তরিকুল। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি।
নিহতের গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়। বর্তমানে তিনি উত্তরা দিয়াবাড়ি এলাকায় বসবাস করতেন। দুই মেয়ের জনক ছিলেন এই সাংবাদিক।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, চিকিৎসকরা ধারণা করছেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।