প্রকাশিত: ৮:২৭ অপরাহন, সেপ্টেম্বর ৯, ২০২৫
সারাদিন ডেস্ক
কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পরিচালিত এই হামলায় কেঁপে ওঠে নগরী। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করেই এ অভিযান চালানো হয়েছে।
আইডিএফ দাবি করেছে, ৭ অক্টোবর ইসরায়েলের ওপর পরিচালিত হামলার মূল পরিকল্পনাকারী ও দায়ীদের টার্গেট করা হয়েছে। তবে তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে কাতারের নাম উল্লেখ করা হয়নি।
ইসরায়েলের চ্যানেল-১২ নিউজ জানিয়েছে, হামলার সময় বৈঠকস্থলে উপস্থিত ছিলেন হামাসের অন্যতম শীর্ষ নেতা খালেদ মাশাল। ১৯৯৭ সালে জর্ডানে তাকে হত্যার চেষ্টা চালিয়েছিল ইসরায়েল। আলজাজিরা জানিয়েছে, বৈঠকটিতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত সর্বশেষ যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করার কথা ছিল।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি হামলার নিন্দা জানিয়ে বলেছেন, আবাসিক ভবনে হামলা চালানো আন্তর্জাতিক আইন ও রীতিনীতির চরম লঙ্ঘন। এটি কাতারের নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। তিনি সতর্ক করে বলেন, কাতারের সার্বভৌমত্বকে লক্ষ্য করে নেওয়া যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।