প্রকাশিত: ৭:২৪ পূর্বাহ্, সেপ্টেম্বর ১০, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি ও জিএস পদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। ভিপি পদে সাদিক কায়েম এবং জিএস পদে এস এম ফরহাদ জয়ের পথে আছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ১৬টি হলের ফলাফল বিশ্লেষণে এ চিত্র পাওয়া গেছে।
শেখ ফজিলাতুননেছা মুজিব হলে ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ৭৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম হোসেন পেয়েছেন ৩৩৭ ভোট। একই হলে জিএস পদে ফরহাদ পেয়েছেন ৫৯৫ ভোট, মেঘমল্লার বসু পেয়েছেন ৩১২ ভোট।
কুয়েত মৈত্রী হলে সাদিক কায়েম পেয়েছেন ৬২৬ ভোট, আবিদুল ইসলাম পেয়েছেন ২১০ ভোট। অমর একুশে হলে সাদিক কায়েম ৬৪৪ ভোটে এগিয়ে, আবিদুল ইসলাম পেয়েছেন ১৪১ ভোট।
কবি সুফিয়া কামাল হলে সাদিক কায়েম বিপুল ব্যবধানে এগিয়ে আছেন। তিনি পেয়েছেন ১,২৭০ ভোট, আবিদুল ইসলাম পেয়েছেন ৪২৩ ভোট। ফজলুল হক মুসলিম হলে সাদিক কায়েম পেয়েছেন ৮৪১ ভোট, আবিদুল ইসলাম ১৮১ ভোট।
ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে সাদিক কায়েম পেয়েছেন ৯৬৬ ভোট, আবিদুল ইসলাম ১৯৯ ভোট। শামসুন নাহার হলে কায়েম পেয়েছেন ১,১১৪ ভোট, আবিদুল ইসলাম পেয়েছেন ৪৩৪ ভোট। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে কায়েম পেয়েছেন ৮৪১ ভোট, আবিদুল ইসলাম পেয়েছেন ১৮১ ভোট।
রোকেয়া হলে সাদিক কায়েম পেয়েছেন ১,৪৭২ ভোট, যেখানে আবিদুল ইসলাম পেয়েছেন ৫৭৫ ভোট। তবে জগন্নাথ হলে উল্টো চিত্র। সেখানে আবিদুল ইসলাম পেয়েছেন ১,২৭৬ ভোট, আর সাদিক কায়েম মাত্র ১০ ভোট।
সার্জেন্ট জহুরুল হক হলে কায়েম পেয়েছেন ৮৯৬ ভোট, আবিদুল ইসলাম ৩১৪ ভোট। এসএম হলে কায়েম পেয়েছেন ৩০৩ ভোট, আবিদুল ইসলাম ১১০ ভোট।
জসিম উদ্দীন হলে সাদিক কায়েম পেয়েছেন ৬৪৭ ভোট, আবিদুল ইসলাম পেয়েছেন ১৮৭ ভোট। একই হলে জিএস পদে ফরহাদ পেয়েছেন ৫৪০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভীর বারী হামিম পেয়েছেন ২৫৫ ভোট।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে কায়েম পেয়েছেন ৮৪২ ভোট, আবিদুল ইসলাম ২৩৮ ভোট। জিএস পদে ফরহাদ ৬৮৩ ভোট পেয়ে এগিয়ে, তানভীর হামিম পেয়েছেন ৩০৭ ভোট।
সূর্যসেন হলে ভিপি পদে কায়েম পেয়েছেন ৭৬৯ ভোট, আবিদুল ইসলাম ২১০ ভোট। জিএস পদে ফরহাদ পেয়েছেন ৫৬৮ ভোট, হামিম পেয়েছেন ২৮৫ ভোট।
বিজয় একাত্তর হলে ভিপি পদে কায়েম পেয়েছেন ৯৯১ ভোট, আবিদুল ইসলাম ২৭৮ ভোট। একই হলে জিএস পদে ফরহাদ পেয়েছেন ৭৭৯ ভোট, হামিম পেয়েছেন ৪৪২ ভোট।
সামগ্রিক চিত্র
১৬টি হলে প্রাপ্ত ভোটের ধারা বিশ্লেষণে দেখা যাচ্ছে, ভিপি পদে সাদিক কায়েম এবং জিএস পদে এস এম ফরহাদ অনেকটাই এগিয়ে রয়েছেন। তবে কিছু হলে প্রতিদ্বন্দ্বীরা শক্ত অবস্থানে থাকায় চূড়ান্ত ফলাফলের দিকে দৃষ্টি এখন সবার।