Print

সারাদিন

ডাকসু জয়ে দুই দিনের কর্মসূচি ঘোষণা ছাত্রশিবিরের

প্রকাশিত: ১:১২ অপরাহন, সেপ্টেম্বর ১০, ২০২৫

সারাদিন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫-এ বিজয় উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার (১০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন।

শিবির সভাপতি বলেন, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর অশেষ কৃপায় ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর বিজয়ের মাধ্যমে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই বিজয়ী হয়েছে। নির্বাচনে যারা বিভিন্ন প্যানেল থেকে বা স্বতন্ত্রভাবে জয়ী হয়েছেন, তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

তিনি আরও বলেন, নির্বাচিত প্রতিনিধিদের প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ হাজার শিক্ষার্থীর আস্থা অর্পিত হয়েছে। এ দায়িত্ব যথাযথভাবে পালনের তাওফিক প্রদানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজয় উপলক্ষে ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে— শুকরিয়া আদায় করে দোয়া মাহফিল ও শব্বেদারি (নৈশ ইবাদত) পালন, শহীদদের কবর জিয়ারত এবং শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ।

একই সঙ্গে শিবিরের সকল মহানগর, বিশ্ববিদ্যালয়, শহর ও জেলা শাখাকে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। এছাড়া কোনো ধরনের আনন্দ মিছিল, শোভাযাত্রা বা র‌্যালি আয়োজন না করার নির্দেশ দেওয়া হয়েছে।

Nagad
Nagad