প্রকাশিত: ২:৫০ অপরাহন, সেপ্টেম্বর ১০, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকা অনুযায়ী, আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৬১৮টি। পাশাপাশি অতিরিক্ত ২০টি কেন্দ্র রাখা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে এ তালিকা প্রকাশ করেন ইসির সিনিয়র সচিব মো. আখতার হামিদ। তিনি জানান, ভোটার সংখ্যা ও কাঠামো বিশ্লেষণ করে কেন্দ্র ও ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে।
বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন। প্রতি তিন হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। সেই হিসাবে কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৬১৮টি।
ভোটকক্ষের ক্ষেত্রেও নির্দিষ্ট অনুপাতে হিসাব করা হয়েছে। পুরুষ ভোটারদের জন্য ৬০০ জনে একটি কক্ষ এবং নারী ভোটারদের জন্য ৫০০ জনে একটি কক্ষ ধরা হয়েছে। এর ভিত্তিতে পুরুষ ভোটারদের জন্য ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি ও নারী ভোটারদের জন্য ১ লাখ ২৯ হাজার ১০৭টি কক্ষ নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে মোট ভোটকক্ষের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি।
ইসি সচিব জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৪২ হাজার ১৫০টি। এবার তা বেড়ে হয়েছে ৪২ হাজার ৬১৮টি।
তিনি আরও জানান, খসড়া তালিকা নিয়ে কেউ দাবি বা আপত্তি জানাতে চাইলে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এসব দাবি ও আপত্তি নিষ্পত্তি করা হবে ১২ অক্টোবরের মধ্যে। এরপর ২০ অক্টোবর প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা।
আগামী জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে ইসি ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা এবং ২০২৫ সালের ফেব্রুয়ারির প্রথম ভাগে ভোটগ্রহণের পরিকল্পনা করছে। সে লক্ষ্যে ধাপে ধাপে সব প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।