প্রকাশিত: ১২:০৪ অপরাহন, সেপ্টেম্বর ১১, ২০২৫
ফরিদপুর সংবাদদাতা:
ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ অবরোধে রাজধানী ঢাকা ছাড়াও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৭টা থেকে ঢাকা-খুলনা মহাসড়কের হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ এলাকায় ৮০ থেকে ৯০ জন এবং আলগী ইউনিয়নের সুয়াদি এলাকায় শতাধিক মানুষ সড়ক অবরোধ করেন। একই সময়ে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের পুখুরিয়া, হামিরদী ও নওয়াপাড়া এলাকায় শতাধিক বিক্ষোভকারী গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এতে শত শত ট্রাক, বাস, মাইক্রোবাসসহ যানবাহন আটকা পড়ে যায়। এছাড়া ভাঙ্গা গোলচত্বরে সকাল সাড়ে ৭টার পর থেকে বিক্ষোভকারীরা অবস্থান নেন।
অবরোধকারীরা জানান, ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনের নগরকান্দায় যুক্ত করার গেজেট তারা মানবেন না। তাদের দাবি, ভাঙ্গা থাকবে ভাঙ্গাতেই। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাস্তায় থাকবেন বলে হুঁশিয়ারি দেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রোকিবুজ্জামান বলেন, ভোর থেকেই দুটি মহাসড়কে শত শত মানুষ অবরোধ করে সড়কের ওপর বসে আছে। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বে না। এত বড় জনসমাগম নিয়ন্ত্রণ করা আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে কেটে ফরিদপুর-২ আসনের নগরকান্দায় যুক্ত করার সিদ্ধান্ত জানায়। এ সিদ্ধান্তের বিরোধিতায় স্থানীয়রা টানা আন্দোলন করছেন।