প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্, সেপ্টেম্বর ১২, ২০২৫
সারাদিন ডেস্ক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন ও বিচারের পাশাপাশি জুলাই সনদকেও সমান গুরুত্ব দিতে হবে। কারণ বর্তমান সরকারের অন্যতম প্রধান ম্যান্ডেট হচ্ছে সংস্কার।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি এ কথা বলেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে কমিশনের প্রস্তাব ও রাজনৈতিক দলগুলোর সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন শুধু একটি সাধারণ নির্বাচন নয়, এটি একটি ফাউন্ডেশনাল ইলেকশন। এর মাধ্যমেই নির্ধারিত হবে বাংলাদেশের আগামীর পথরেখা।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তাদের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়া হবে। এছাড়া বিষয়টি সামনে এগিয়ে নিতে আগামী রোববার (১৪ সেপ্টেম্বর) আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে কমিশন।
এ বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন তদারকিতে গঠিত ছয় সদস্যবিশিষ্ট কমিটির প্রস্তাবনাগুলোও উপস্থাপন করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
এছাড়া বৈঠকে অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান, আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।