Print

সারাদিন

বিচারপতি আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্, সেপ্টেম্বর ১২, ২০২৫

সারাদিন ডেস্ক

অনিয়মের অভিযোগে ছুটিতে পাঠানো হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতি বিচারপতি আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

এর আগে গত ৩১ আগস্ট তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান। ২৬ আগস্ট অনিয়মের অভিযোগে ছুটিতে পাঠানো হয়েছিল তাকে। জেলা জজ থাকাকালীন বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দিয়েছিলেন এই বিচারপতি।

উল্লেখ্য, গত বছরের ১৬ অক্টোবর দুর্নীতি ও তৎকালীন সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগে হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাদের বিচারকাজ থেকে বিরত রাখা হয়। পরে তাদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।

রাজনৈতিক পট পরিবর্তনের পর ওই প্রক্রিয়া পুনরুজ্জীবিত হয় এবং বিচারপতি আক্তারুজ্জামানসহ অভিযুক্তদের বিষয়ে চূড়ান্ত শুনানি নেয়া হয়। শেষ পর্যন্ত তিনি স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দেন, যা রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।

Nagad
Nagad