প্রকাশিত: ৬:১৯ অপরাহন, সেপ্টেম্বর ১২, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুৎ উপদেষ্টার আশ্বাসে গণছুটি কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আন্দোলনরত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন (পিবিএ)।
বার্তায় জানানো হয়, গ্রাম ও শহরের বিদ্যুৎ বৈষম্য দূর করে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যে আরইবি-পিবিএস সংস্কারের দাবিতে ২০২৪ সালের জানুয়ারি থেকে আন্দোলন শুরু করে তারা। দীর্ঘদিনের এই আন্দোলনে বিভিন্ন সময়ে সরকার কমিটি গঠন করলেও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অসহযোগিতার কারণে উদ্যোগগুলো ব্যাহত হয়েছে।
এতে আরও বলা হয়, প্রতিবাদ করলেই মামলা, চাকরিচ্যুতি, বরখাস্ত ও বদলিসহ নানা দমনপীড়নের শিকার হয়েছেন পল্লী বিদ্যুৎ কর্মীরা। আন্দোলনের কারণে এখন পর্যন্ত ১৭২ জনের নামে রাষ্ট্রদ্রোহ মামলা, ২০ জন কর্মকর্তাকে দীর্ঘদিন কারাভোগ, ৪০ জনকে বিনা নোটিশে চাকরিচ্যুত, ৮৭ জনকে বরখাস্ত এবং সাড়ে ৬ হাজার কর্মীকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। সম্প্রতি ৮ জন কর্মকর্তা বিনা নোটিশে চাকরিচ্যুত এবং ২৮ জন বরখাস্ত হয়েছেন।
পিবিএ জানায়, ৭ সেপ্টেম্বর থেকে ঘোষিত গণছুটি কর্মসূচিতে ৮০টি সমিতির প্রায় ৩৩ হাজার কর্মী অংশ নিলেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়নি। তবে মাঠ পর্যায়ের বাস্তবতা উপেক্ষা করে বিদ্যুৎ বিভাগকে বিভ্রান্ত করা হচ্ছে এবং কর্মীদের দেশবিরোধী ট্যাগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়।
বার্তায় আরও জানানো হয়, বৃহস্পতিবার বিদ্যুৎ উপদেষ্টা আলোচনার আহ্বান জানিয়ে কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান। তিনি আশ্বস্ত করেছেন যে আলোচনার মাধ্যমে বিদ্যমান সমস্যার সমাধান করা হবে। দেশের সার্বিক পরিস্থিতি ও জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে।
সব কর্মকর্তা-কর্মচারীকে দ্রুত কর্মস্থলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।