প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার পদত্যাগ করেছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
অধ্যাপক মাফরুহী সাত্তার বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। তবুও দায়িত্ব পালন করেছি। কিন্তু পুরো প্রক্রিয়ায় যে অনিয়ম ও অব্যবস্থাপনা হয়েছে, তা মেনে নেওয়া যায় না। এজন্য আমি কমিশনের সদস্যপদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।
তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের ভেতর থেকেই অসহযোগিতা করা হয়েছে। নির্বাচন প্রক্রিয়াটিকে বিতর্কিত করা হলেও এসব ত্রুটি দূর করার প্রস্তাবগুলো গৃহীত হয়নি।
মাফরুহী সাত্তার আরও বলেন, আজ প্রধান নির্বাচন কমিশন একটি সভা ডাকেন। সেখানে আমি ভোট গণনা আপাতত স্থগিত রাখার মত দিয়েছিলাম। কিন্তু সে প্রস্তাব উপেক্ষা করে ভোট গণনা শুরু হয়। এই পরিস্থিতিতে কমিশনের দায়িত্বে থাকা আমার পক্ষে সম্ভব নয়।
এদিকে তার পদত্যাগে জাকসু নির্বাচনকে ঘিরে চলমান বিতর্ক আরও জটিল আকার ধারণ করেছে।