প্রকাশিত: ১১:৩৯ অপরাহন, সেপ্টেম্বর ১২, ২০২৫
সারাদিন ডেস্ক
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নেপালের নতুন ও প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৯টায় তিনি শপথ নেবেন বলে প্রেসিডেন্ট দপ্তর জানিয়েছে।
জানা গেছে, চলমান জেন-জি প্রজন্মের বিক্ষোভকে ঘিরে প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল, সেনাপ্রধান অশোক রাজ সিগদেল এবং বিক্ষোভকারীদের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়। ওই বৈঠকেই সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী করার ব্যাপারে সর্বসম্মতি গড়ে ওঠে।
একটি সূত্র জানায়, সুশীলা কার্কির নেতৃত্বে একটি ছোট আকারের অন্তর্বর্তী সরকার গঠিত হবে। শুক্রবার রাতেই তিনি প্রথম মন্ত্রিসভার বৈঠক করবেন এবং সেখান থেকে কেন্দ্রীয় ও প্রাদেশিক পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রস্তাব দেবেন।
গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে নেপালে আন্দোলনে নামে তরুণরা। এর মধ্যে সোমবার (৮ সেপ্টেম্বর) বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী গুলি চালায়। এতে বহু হতাহতের ঘটনা ঘটে এবং দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
এর পরিপ্রেক্ষিতে অচলাবস্থা নিরসনে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আসছেন সুশীলা কার্কি, যা নেপালের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়।