Print

সারাদিন

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০

প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৫

সারাদিন ডেস্ক

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভরাডোবা তাসরিফ কটন মিলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বাস দুটি জব্দ করা হয়েছে। পাশাপাশি নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।