প্রকাশিত: ৬:০৭ অপরাহন, সেপ্টেম্বর ১৩, ২০২৫
সারাদিন ডেস্ক
বিশ্বের প্রথম দেশ হিসেবে আলবেনিয়া ভার্চ্যুয়াল এআই মন্ত্রী নিয়োগ দিয়েছে। কোড ও পিক্সেল দিয়ে তৈরি ‘ডিয়েলা’ নামের এই মন্ত্রী মূলত একটি ভার্চ্যুয়াল চ্যাটবট, যা সরকারি কেনাকাটায় তদারকি এবং সরকারি ব্যয়ে দুর্নীতি কমাতে সহায়তা করবে।
গত বৃহস্পতিবার আলবেনিয়ার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয় ডিয়েলাকে। রাজধানী তিরানায় সোশ্যালিস্ট পার্টির এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এদি রামা এআই মন্ত্রী ডিয়েলাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।
প্রধানমন্ত্রী এদি রামা জানান, সরকারের ব্যয়ের ক্ষেত্রে দুর্নীতি কমাতে ডিয়েলাকে সরকারি ক্রয় কার্যক্রম তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়েছে। ডিয়েলা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সকল চুক্তি পুনর্মূল্যায়ন করবে এবং মূল্যায়নের পর অনুমোদন প্রদান করবে।
এছাড়া ডিয়েলা ইতিমধ্যেই দেশের ডিজিটাল সার্ভিসেস পোর্টালের মাধ্যমে নাগরিকদের বিভিন্ন সেবা দিতে শুরু করেছে। চলতি বছরের শুরুতে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, আলবেনিয়াতে একদিন ডিজিটাল মন্ত্রী বা এআই প্রধানমন্ত্রী থাকবে। এবার সেই ঘোষণার বাস্তব রূপ দেখা গেল। েসূত্র: বিবিসি