Print

সারাদিন

বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

প্রকাশিত: ৭:২৭ পূর্বাহ্, সেপ্টেম্বর ১৪, ২০২৫

সারাদিন ডেস্ক

লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, নজরুলগীতি, দেশাত্মবোধক গানসহ নানা ধরনের গান করলেও শ্রোতাদের কাছে ফরিদা পারভীনের পরিচিতি মূলত ‘লালনকন্যা’ হিসেবে। পাঁচ দশক ধরে তাঁর কণ্ঠে লালন সাঁইয়ের গান মানুষের হৃদয় ছুঁয়েছে। তাঁর গান আমাদের সংস্কৃতির অন্তর্লীন দর্শন ও জীবনবোধকে নতুন মাত্রায় উপস্থাপন করেছে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও গান থেকে দূরে থাকেননি ফরিদা পারভীন। সংগীতের প্রতি তাঁর অনুরাগ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রেরণা জুগিয়েছে। একুশে পদকপ্রাপ্ত এই গুণী শিল্পী বাংলাদেশের সংগীত জগতে যে অবদান রেখেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে এবং সাংস্কৃতিক পরিমণ্ডলে নিত্যনতুন চিন্তা ও সৃষ্টির খোরাক জোগাবে।

ড. মুহাম্মদ ইউনূস ফরিদা পারভীনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করে শনিবার রাত ১০টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফরিদা পারভীন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

Nagad
Nagad