Print

সারাদিন

নারী কয়েদিদের যাবজ্জীবন সাজার মেয়াদ কমে হচ্ছে ২০ বছর : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদিদের সাজাভোগের মেয়াদ কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। নারীদের ক্ষেত্রে যাবজ্জীবন সাজা ৩০ বছর থেকে কমিয়ে ২০ বছর করার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, কারাগারে অনেক সমস্যা আছে। সংস্কারের প্রয়োজন আছে। বন্দিদের মধ্যে অনেকে বয়স্ক, নানা রোগে আক্রান্ত। তাদের চিকিৎসার জন্যও অতিরিক্ত বাজেট লাগে। তাই যাবজ্জীবন সাজা ৩০ বছর থেকে কমিয়ে যুক্তিযুক্ত পর্যায়ে আনার বিষয়টি ভাবা হচ্ছে। এতে বৃদ্ধ বন্দিদের মুক্তির সুযোগ তৈরি হবে।

তিনি আরও বলেন, নারীদের ক্ষেত্রে সাজার মেয়াদ ২০ বছর করার চিন্তা করছি। পুরুষদের ক্ষেত্রে মেয়াদ কিছুটা বেশি হতে পারে। তবে বয়সের বিষয়টিও বিবেচনায় রাখা হবে। কেউ যদি ১৮ বছরে অপরাধ করে, ২০ বছর পর ৩৮ বছরে মুক্তি পায়, তাহলে সে পুনরায় অপরাধে জড়াতে পারে কি না—এ দিকটিও গুরুত্বসহকারে দেখা হবে।

উপদেষ্টা জানান, এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনার ভিত্তিতে মেয়াদ নির্ধারণ করা হবে। তবে নারীদের ক্ষেত্রে সরকারের অবস্থান তুলনামূলকভাবে বেশি উদার হবে বলেও উল্লেখ করেন তিনি।

Nagad
Nagad