প্রকাশিত: ৯:০৪ অপরাহন, সেপ্টেম্বর ১৪, ২০২৫
সারাদিন ডেস্ক
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদারকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়।
এর আগে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান গত ২৮ আগস্ট অবসরোত্তর ছুটিতে যান। ওই দিনই গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহমান তরফদারকে সচিব পদে পদোন্নতি দিয়ে শ্রম সচিব হিসেবে নিয়োগ দেয় সরকার।
তবে তিনি সেখানে যোগ দিতে কিছুটা বিলম্বের মুখে পড়েন। শ্রম উপদেষ্টার পরামর্শে কয়েক দিন পর মন্ত্রণালয়ে গেলেও আনুষ্ঠানিকভাবে শ্রম সচিবের পদে যোগ দিতে পারেননি তিনি। ফলে তিনি আগের কর্মস্থল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়েই দায়িত্ব পালন করছিলেন।
অবশেষে নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে আব্দুর রহমান তরফদারকে পিএসসির সচিব পদে নিয়োগ দিল সরকার।