Print

সারাদিন

টু-লেট ফাঁদে প্রতারণা: দুই তরুণী কারাগারে, বাদীও প্রশ্নফাঁস চক্রের সদস্য

প্রকাশিত: ১০:৩৪ পূর্বাহ্, সেপ্টেম্বর ১৫, ২০২৫

সারাদিন ডেস্ক

ময়মনসিংহ নগরীতে ফেসবুকে ‘টু-লেট’ বিজ্ঞাপন দেখে বাসা দেখতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন আনন্দ মোহন কলেজের এক শিক্ষার্থী। এ ঘটনায় দুই তরুণীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

ভুক্তভোগী গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান ওরফে নাঈম (২৩) অভিযোগ করেন, ফেসবুকে বিজ্ঞাপন দেখে গুলকিবাড়ী এলাকার একটি ফ্ল্যাটে বাসা দেখতে গেলে চার তরুণী ও চার তরুণ তাকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোন, ল্যাপটপ ও ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

অভিযোগের ভিত্তিতে পুলিশ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দুই তরুণী—সাদিয়া জাহান ওরফে মেঘলা (২১) এবং ফারিয়া আক্তার ওরফে পায়েলকে (১৯)—গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ভুক্তভোগীর ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের পর ফেসবুকে ওই দুই তরুণীর বিলাসী জীবনযাপনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। পারিবারিকভাবে সচ্ছল না হয়েও এ বিলাসী জীবনের উৎস নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। চক্রটির আরও সদস্যকে শনাক্তের চেষ্টা চলছে।

তবে ভুক্তভোগী নাজমুল হাসান নিজেও বিতর্কিত। চলতি বছরের জানুয়ারিতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। অভিযোগ ছিল, নকল প্রশ্নপত্রের প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করতেন তিনি।

কোতোয়ালি মডেল থানার তদন্ত কর্মকর্তা এসআই মাহবুব আলম ফকির জানান, গ্রেপ্তার দুই তরুণী আদালতে ১৬১ ধারায় জবানবন্দি দিয়েছে। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে এবং পুলিশ তাদের ৫ দিনের রিমান্ড আবেদন করেছে।

Nagad
Nagad

থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, নগরীতে সম্প্রতি আরেকটি প্রতারক চক্র ধরা পড়ে, যারা নারীর ফাঁদে ফেলে নগ্ন ভিডিও বানিয়ে টাকা আদায় করত। নতুন এ চক্রও একই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি জানান, রিমান্ডে এনে প্রতারণার পুরো চক্রের রহস্য উদঘাটন করা সম্ভব হবে। সূত্র : আরটিভি