প্রকাশিত: ৪:৪৯ অপরাহন, সেপ্টেম্বর ১৫, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কোনো চাপের কারণে নয়, দুর্গাপূজা উপলক্ষে ভারতের অনুরোধেই ইলিশ পাঠানো হয়েছে। এ বছর সৌজন্যবোধের অংশ হিসেবে ভারতে ১২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে, যা গত বছরের তুলনায় অর্ধেকেরও কম।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগ, এনজিও প্রতিনিধি, নারী কৃষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
ফরিদা আখতার আরও বলেন, প্রবাসী বাঙালিদের দাবির প্রেক্ষিতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১১ হাজার মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে। তবে জাটকা নিধনের কারণে উৎপাদন কিছুটা কম হওয়ায় বাজারে সরবরাহ হ্রাস পেয়েছে। এ অবস্থায় দেশের কয়েকটি জায়গায় সাশ্রয়ী মূল্যে ইলিশ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, গবাদি পশুকে এলএসডি রোগমুক্ত করতে সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জসহ চারটি জেলা ইতোমধ্যে সম্পূর্ণরূপে ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে।
আলোচনা সভায় কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা মোক্তাদির খান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারণের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন ও অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা উপস্থিত ছিলেন।