প্রকাশিত: ৯:৫৮ পূর্বাহ্, সেপ্টেম্বর ১৬, ২০২৫
সারাদিন ডেস্ক
গাজায় টানা বোমাবর্ষণে আবারও রক্তঝরল। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ছয় বছর বয়সী যমজ শিশু ও একজন সাংবাদিক।
সোমবার সন্ধ্যায় গাজা সিটিতে ব্যাপক বোমাবর্ষণ চালায় ইসরায়েলি বাহিনী। এতে বহু মানুষ নিহত হওয়ার পাশাপাশি বাসিন্দারা শহর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
জাতিসংঘের ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার বিষয়ক বিশেষ র্যাপোর্টার ফ্রান্সেসকা আলবানিজে অভিযোগ করেছেন, ফিলিস্তিনিদের জোরপূর্বক উৎখাত করতে ইসরায়েল অপ্রচলিত অস্ত্র ব্যবহার করছে।
এদিকে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ টানা তৃতীয় দিনের মতো হামলার ভিডিও প্রকাশ করেছেন। তবে তিনি যেসব ভবন ধ্বংস হয়েছে সেগুলো হামাসের ব্যবহৃত ছিল কি না-এ বিষয়ে কোনো প্রমাণ দেননি।
২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৯০৫ জনে। আহত হয়েছেন আরও অন্তত ১ লাখ ৬৪ হাজার ৯২৬ জন। ধ্বংসস্তূপের নিচে এখনও অগণিত মরদেহ চাপা পড়ে আছে।