প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৫
রাজশাহী সংবাদদাতা:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলার যুগ্ম সমন্বয়ক শামীমা সুলতানা মায়া পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (১৬ মঙ্গলবার) সকালে রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
সংবাদ সম্মেলনে শামীমা সুলতানা মায়া বলেন, জুলাই অভ্যুত্থানের সময় তিনি রাজশাহীতে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে অংশ নেন এবং পরবর্তী সময়ে সততা ও জনগণের কল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালন করেছেন। তবে সাম্প্রতিক সমালোচনা, মিথ্যা অভিযোগ, বিভ্রান্তিমূলক প্রচারণা ও নানামুখী চাপে তার পক্ষে সৎভাবে দলের কার্যক্রম চালিয়ে যাওয়া আর সম্ভব হচ্ছে না।
তিনি আরও বলেন, রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাসযোগ্যতা। ‘বর্তমান পরিস্থিতিতে আমার বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হওয়ার আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি,’ যোগ করেন তিনি।
মায়া জানান, মানসিকভাবে তিনি বিপর্যস্ত হয়ে পড়েছেন। পাশাপাশি জেলা পর্যায়ে প্রত্যাশিত কার্যক্রম পরিচালনা করতে না পারায় পদত্যাগ করাকেই শ্রেয় মনে করেছেন।
তবে তিনি আশা প্রকাশ করে বলেন, এনসিপি ভবিষ্যতে গণমানুষের আস্থা অর্জনে এবং স্বচ্ছ রাজনীতির চর্চায় আরও সক্রিয় ভূমিকা রাখবে। ‘এনসিপির ওপর জনগণের অনেক আশা-আকাঙ্ক্ষা রয়েছে। আমি চাই, এনসিপি জনগণের আস্থা ও ভালোবাসার জায়গায় থাকুক।’