প্রকাশিত: ২:৩৮ অপরাহন, সেপ্টেম্বর ১৭, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা ও হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর দুটি থানার তিন মামলায় সাবেক মন্ত্রী-এমপিসহ আটজনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পুলিশের পৃথক আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এই আদেশ দেন।
আসামিরা হলেন– সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, সাবেক এমপি সায়েদুল হক সুমন, ঢাকা-২ আসনের সাবেক সাংসদ কাজী মনিরুল ইসলাম মনু এবং নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার।
মামলার নথি সূত্রে জানা যায়-যাত্রাবাড়ী থানার রিয়াজ হত্যা মামলায় আনিসুল হক, আমু, আব্দুর রাজ্জাক, মেনন, ইনু, সুমন ও মনুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই থানার জুবাইদ ইসলাম হত্যা মামলায় মনুকে গ্রেপ্তার দেখানো হয়। ভাটারা থানার নাঈম হাসান নিলয় হত্যাচেষ্টা মামলায় নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মো. রিয়াজ। এছাড়া ১৯ জুলাই ভাটারায় নাঈম হাসান নিলয় গুলিবিদ্ধ হন এবং ২০ জুলাই শনির আখড়ায় নিহত হন জুবাইদ ইসলাম। এসব ঘটনায় নিহত ও আহতদের স্বজনরা পৃথক মামলা করেন।