Print

সারাদিন

কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষকদের সমর্থন

প্রকাশিত: ৪:৩৭ অপরাহন, সেপ্টেম্বর ১৭, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে চলমান কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষকরা সংহতি প্রকাশ করেছেন। শিক্ষার্থীরা কারিগরি শিক্ষাব্যবস্থা ধ্বংস ও প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত হওয়ার অভিযোগ তুলে নিজেদের দাবি আদায়ের জন্য আন্দোলনে নেমেছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সাতরাস্তা মোড়ে অবস্থান করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে ঢাকাপলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশ গ্লাস অ্যান্ড সিরামিক ইনস্টিটিউটসহ একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ৮-১০ জন শিক্ষক তাদের সঙ্গে সংহতি জানান।

কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মো. মাশফিক ইসলাম বলেন, আজকের কর্মসূচিতে আমাদের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষকরা এসে দাঁড়িয়েছেন। তাদের এই সমর্থন আমাদের আন্দোলনকে আরও শক্তিশালী করেছে।

অবস্থানিক কর্মসূচিতে শিক্ষার্থীরা চার দফা দাবি উপস্থাপন করেন। তাদের দাবির মধ্যে রয়েছে–প্রকৌশল অধিকার আন্দোলনের ব্যানারে ডিপ্লোমা প্রকৌশলীদের ওপর হুমকিদাতা ও হত্যার চেষ্টা করাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ‘অযৌক্তিক তিন দফা দাবির’ পক্ষে পরিচালিত কার্যক্রম বন্ধ করা, উত্থাপিত দাবি অনুযায়ী রূপরেখা ও সুপারিশের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, এবং ইঞ্জিনিয়ারিং-এ ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করা।

শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির কারণে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড় ও আশপাশের সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় মালিবাগ, মহাখালী, ফার্মগেট ও মগবাজারমুখী সড়কগুলোতেও গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়েছে। এতে হঠাৎ সড়ক অবরোধে অফিসগামী মানুষ ও জরুরি সেবার যানবাহনের চালকরা বিপাকে পড়েছেন।

Nagad
Nagad