Print

সারাদিন

রাস্তায় হকার বসতে দেওয়া হবে না: ডিসি সারওয়ার আলম

প্রকাশিত: ১১:৫৮ অপরাহন, সেপ্টেম্বর ২৩, ২০২৫

সারাদিন ডেস্ক

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম আবারও কঠোর বার্তা দিয়েছেন—রাস্তায় হকার বসার কোনো সুযোগ নেই।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নগরীর লালদিঘিরপাড় মাঠে হকারদের পুনর্বাসনের জন্য চলমান কাজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

ডিসি সারওয়ার আলম বলেন, ‘হকারদের জন্য যে জায়গা তৈরি করেছি, এটা তাদের জন্য একটি বোনাস। এখানে না এলেও রাস্তা ছাড়তে হবে। রাস্তা দখল করে ব্যবসা করার কোনো সুযোগ নেই।’

তিনি জানান, কাজ শেষ হতে আরও ১০-১২ দিন সময় লাগবে। কাজ সম্পন্ন হওয়ার পর নির্দিষ্ট দিনে হকারদের সড়ক ছাড়ার নির্দেশ দেওয়া হবে, না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হকারদের দাবির বিষয়ে তিনি বলেন, ‘এখানে ব্যবসা করার সুযোগ পাচ্ছেন তারা বিনা পয়সায়, কোনো জামানত ছাড়াই। তাই অতিরিক্ত দাবি জানানোর সুযোগ নেই।’

এ সময় সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Nagad
Nagad