Print

সারাদিন

৫ দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম

প্রকাশিত: ২:২৫ অপরাহন, সেপ্টেম্বর ২৪, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

জুলাই আন্দোলনের সময় শাহবাগে জুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান পুলক ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী আফতাব আহমেদ জামিন আবেদনসহ রিমান্ড বাতিলের আবেদন করেন।

শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বছরের ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে কামরুল ইসলামকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর থেকে তিনি একাধিক দফা রিমান্ড শেষে বর্তমানে কারাগারে আছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ৫ আগস্ট শাহবাগে জুলাই আন্দোলনের সময় ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার গত ১৪ মার্চ শাহবাগ থানায় মামলা করেন। মামলায় ৩৫১ জনকে এজাহারনামীয় এবং ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। কামরুল ইসলাম এ মামলার ৭ নম্বর আসামি।

Nagad
Nagad