Print

সারাদিন

ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব

প্রকাশিত: ৯:২৫ পূর্বাহ্, সেপ্টেম্বর ২৮, ২০২৫

সারাদিন ডেস্ক

ষষ্ঠীপূজার মধ্য দিয়ে আজ রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে শুরু হলো বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, স্বর্গলোক কৈলাস থেকে কন্যারূপে দেবী দুর্গা মর্ত্যে বাপের বাড়িতে আগমন করেন। এ বছর দেবী দুর্গা গজে (হাতি) চড়ে এসেছেন এবং দোলায় (পালকি) চড়ে বিদায় নেবেন বলে শাস্ত্রীয় বর্ণনায় উল্লেখ রয়েছে।

আজ পূর্বাহ্ণে সকাল ৯টা ৫৮ মিনিটের আগে অনুষ্ঠিত হয়েছে দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা। সন্ধ্যায় সম্পন্ন হবে দেবীর আমন্ত্রণ ও অধিবাস।

পুরাণ মতে, অসুরশক্তির কাছে দেবতারা স্বর্গলোকচ্যুত হলে তাঁদের সম্মিলিত তেজ থেকে জন্ম নেন মহাশক্তি দেবী দুর্গা, যিনি অশুভ শক্তি বিনাশে আবির্ভূত হন।

এর আগে গত ২১ সেপ্টেম্বর শুভ মহালয়া পালনের মধ্য দিয়ে দেবীপক্ষ শুরু হয়েছিল। আজ ষষ্ঠীপূজার মাধ্যমে দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা হলো। আগামীকাল সোমবার মহাসপ্তমী, মঙ্গলবার মহাষ্টমী, বুধবার মহানবমী এবং বৃহস্পতিবার বিজয়া দশমী উদযাপিত হবে।

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির তথ্যানুসারে, এ বছর সারাদেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর এই সংখ্যা ছিল ৩১ হাজার ৪৬১টি। অর্থাৎ, গতবারের তুলনায় এ বছর ১ হাজার ৮৯৪টি বেশি পূজা হচ্ছে। কেবল ঢাকা মহানগরেই এবার পূজা হবে ২৫৯টি মণ্ডপে, যা গত বছরের তুলনায় ৭টি বেশি।

Nagad
Nagad