প্রকাশিত: ১০:২৬ পূর্বাহ্, সেপ্টেম্বর ২৮, ২০২৫
চট্টগ্রাম সংবাদদাতা:
পাহাড়ি শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার জেরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে খাগড়াছড়িতে। সহিংসতা, সড়ক অবরোধ ও মিছিলের পর জেলা প্রশাসন শহরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর থেকে সদর উপজেলা পরিষদ এলাকা, মহাজন পাড়া, নারিকেল বাগান, চেঙ্গী স্কোয়ার ও শহীদ কাদের সড়কে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। এ সময় স্বনির্ভর ও নারিকেল বাগান এলাকায় কয়েকটি দোকান ভাঙচুরের শিকার হয়।
বর্তমানে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা বলবৎ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ প্লাটুন বিজিবি, সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ এবং এপিবিএনও দায়িত্ব পালন করছে।
সহিংসতায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়েছে। রাতে বৌদ্ধবিহারে নাশকতার প্রস্তুতিকালে তিন যুবককে আটক করা হয়।
ঘটনার সূত্রপাত ঘটে গত ২৩ সেপ্টেম্বর, যখন জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণির এক ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি আসামিদের গ্রেপ্তারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে সড়ক অবরোধের ডাক দেওয়া হয়। অবরোধ চলাকালীন সড়কে গাছের গুঁড়ি ফেলা এবং টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানিয়েছেন, বর্তমানে সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে এবং সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে। জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, পরিস্থিতি উন্নত না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে।