Print

সারাদিন

টঙ্গীতে অগ্নিকাণ্ডে ৩ ফায়ার ফাইটারসহ ৪ জনের মৃত্যু, প্রধান উপদেষ্টার শোক

প্রকাশিত: ১২:২০ অপরাহন, সেপ্টেম্বর ২৮, ২০২৫

সারাদিন ডেস্ক

গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজন ফায়ার ফাইটারসহ চারজনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

রোববার (২৮ সেপ্টেম্বর) এক শোকবার্তায় তিনি বলেন, অগ্নিকাণ্ডে জীবন রক্ষার মহৎ দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের তিনজন সাহসী ফায়ার ফাইটারসহ চারজন প্রাণ হারিয়েছেন। এটি একটি হৃদয়বিদারক ঘটনা। আমি নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

প্রধান উপদেষ্টা আরও বলেন, অগ্নি নিরাপত্তা বাহিনীর সদস্যরা দিনরাত জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় নিয়োজিত থাকেন। নিজেদের জীবনের মায়া ত্যাগ করে তারা অন্যের জীবন বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েন। তাদের এই আত্মত্যাগ জাতি চিরঋণী। আজকের দুর্ঘটনা আমাদের স্মরণ করিয়ে দিল যে দায়িত্ব পালনের সময় তারা কত বড় ঝুঁকি বহন করেন। তাদের এ মহৎ ত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সান্ত্বনা জানিয়ে বলেন, আপনাদের প্রিয়জনরা নিছক প্রাণ হারাননি, তারা জাতির জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। দেশের প্রতিটি মানুষ তাদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আমি আপনাদের বেদনা ভাগ করে নিচ্ছি এবং দোয়া করছি আল্লাহ যেন আপনাদের ধৈর্য ও শক্তি দেন এই কঠিন সময়ে।

অগ্নিকাণ্ডটি ঘটেছিল ২২ সেপ্টেম্বর বিকেলে, টঙ্গী বিসিকের রেল স্টেশন রোডের পাশে সাহারা মার্কেটের টিনশেড সেমিপাকা ভবনে অবস্থিত কেমিক্যাল গুদামে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের ৫৩ জন সদস্য আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় গুদামে থাকা কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে ফায়ার সার্ভিসের চারজন ও স্থানীয় একজনসহ মোট পাঁচজন দগ্ধ হন। মৃতদের মধ্যে রয়েছেন: ওয়্যারহাউজ ইন্সপেক্টর জান্নাতুল নাঈম, ফায়ার ফাইটার নুরুল হুদা, ফায়ার ফাইটার মো. শামীম এবং দোকান কর্মচারী বাবু হাওলাদার।

Nagad
Nagad