প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্, সেপ্টেম্বর ২৯, ২০২৫
সারাদিন ডেস্ক
বাংলাদেশ ক্রিকেটের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। শনিবার রাত ৯টার দিকে ফেসবুকে শেখ হাসিনার সঙ্গে একটি ছবি পোস্ট করে সাকিব লেখেন, ‘শুভ জন্মদিন, আপা।’ এরপর থেকেই সমালোচনার ঝড় ওঠে।
রাত ১০টার দিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ফেসবুকে লিখেন, ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। বাট আই ওয়াজ রাইট। এন্ড অব দ্য ডিসকাশন।’ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের ধারণা, তার ইঙ্গিত সাকিবের দিকেই।
পরে রাত ১১টা ২০ মিনিটের দিকে পাল্টা পোস্ট দেন সাকিব। তিনি লেখেন, ‘যাক, শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তাঁর জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না। ফিরব হয়তো কোনো দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।’
এবার এই আলোচনায় যোগ দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাসে তিনি সাকিবকে উদ্দেশ করে লেখেন—
‘শুধু ‘আপা’ শব্দটি বদলে ‘গণহত্যাকারী’ লিখলেই বার্তাটা দাঁড়ায়-‘শুভ জন্মদিন, গণহত্যাকারী’। দেশের একজন শীর্ষ ক্রীড়াবিদ এমন একজনকে শুভেচ্ছা জানালেন, যিনি হাজারো মানুষের হত্যার নির্দেশ দিয়েছেন বলে অভিযুক্ত—এটি সত্যিই লজ্জাজনক।’
তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে সাকিবও সেই শাসনের অংশ হতে প্রস্তুত। এমনকি অতীতে শেয়ারবাজার কেলেঙ্কারি থেকেও সাকিব সুবিধা নিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
আন্তর্জাতিক উদাহরণ টেনে শফিকুল আলম লেখেন, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনের সময় অনেক ক্রীড়াবিদ ক্যারিয়ার হারিয়েছেন। সাকিবও আজ দাঁড়িয়ে গেছেন এক স্বৈরশাসনের পাশে।
তার অভিযোগ, সাকিবের পরিবার অতীতে রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিল এবং সাকিব আজও সেই অবস্থান বজায় রেখেছেন।
স্ট্যাটাসে তিনি আরও লেখেন, ‘একজন গণহত্যাকারীকে প্রকাশ্যে উদযাপন মানেই দর্শক হয়ে থাকা নয়-বরং সেই হত্যাযন্ত্রেরই অংশ হয়ে ওঠা।’