Print

সারাদিন

নারায়ণগঞ্জে চাঁদা নিতে গিয়ে গণপিটুনিতে ইউপি সদস্য নিহত

প্রকাশিত: ২:৩৮ অপরাহন, সেপ্টেম্বর ২৯, ২০২৫

সারাদিন ডেস্ক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাঁদা তুলতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে সোহেল আহমেদ (৩২) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে ব্রাক্ষন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহেল ব্রাক্ষন্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং বালিয়াপাড়া গ্রামের মকবুলের ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ডাকাতিসহ অন্তত ১২–১৩টি মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের (৫ আগস্ট ২০২৪) পর সোহেল দীর্ঘদিন গা ঢাকা দিয়েছিলেন। সম্প্রতি এলাকায় ফিরে তিনি আবারও চাঁদাবাজি শুরু করেন। সোমবার সকালে সহযোগীদের নিয়ে শরিফ নামের এক ব্যক্তির বাড়িতে চাঁদা নিতে গেলে স্থানীয়রা বাধা দেন। এ সময় সোহেলের তিন সহযোগী পালিয়ে যায়। পরে ক্ষুব্ধ এলাকাবাসী সোহেলকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশের বক্তব্য
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসিরউদ্দিন বলেন, সোহেলের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। কয়েক দিন আগেও উত্তেজিত গ্রামবাসী তার বাড়িতে অগ্নিসংযোগ করেছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। সূত্র: যুগান্তর