Print

সারাদিন

গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান ট্রাম্প, শান্তি প্রশাসনে থাকছেন টনি ব্লেয়ারও

প্রকাশিত: ৭:১৪ পূর্বাহ্, সেপ্টেম্বর ৩০, ২০২৫

সারাদিন ডেস্ক

অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির পর গঠিত হতে যাওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সরকারের নেতৃত্বে থাকবেন আরও বৈশ্বিক নেতা, যার মধ্যে রয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও।

ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প ২০ দফা প্রস্তাব প্রকাশ করেন। নেতানিয়াহু ওই প্রস্তাবে সমর্থন জানিয়েছেন। এর মাধ্যমে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল।

তবে গাজাভিত্তিক সশস্ত্র সংগঠন হামাস এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। যদিও ট্রাম্প দাবি করেছেন, হামাসও এতে রাজি হতে পারে। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, হামাস যদি যুদ্ধবিরতিতে রাজি হয় তবে ৭২ ঘণ্টার মধ্যে জীবিত ও মৃত সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে। এরপর হামাসকে গাজার নিয়ন্ত্রণ ছাড়তে হবে এবং গঠন করা হবে নতুন প্রশাসন।

ট্রাম্প জানিয়েছেন, আরব ও ইসরায়েলিদের অনুরোধেই তিনি এই অন্তর্বর্তী প্রশাসনের নেতৃত্ব নিচ্ছেন। এর নাম হবে ‘দ্য বোর্ড অব পিস’ বা ‘শান্তি প্রশাসন’। এর দায়িত্ব থাকবে গাজাকে নিরস্ত্রীকরণ এবং স্থায়ী শান্তির পরিবেশ তৈরি করা।

গাজার নতুন সরকার বিশ্বব্যাংকের সঙ্গে কাজ করবে এবং ফিলিস্তিনিদের মধ্য থেকে নেতৃত্ব বাছাই করে ভবিষ্যতে পূর্ণাঙ্গ ফিলিস্তিনি সরকার গঠন করবে। পাশাপাশি একটি সুশৃঙ্খল পুলিশ বাহিনী গঠন করে তাদের উন্নত প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

প্রসঙ্গত, টনি ব্লেয়ার প্রধানমন্ত্রী থাকাকালে (২০০৩) ব্রিটিশ সেনাদের ইরাকে আক্রমণের নির্দেশ দিয়েছিলেন। সেই কারণে তাকে অনেকে ‘ইরাকের কসাই’ হিসেবেও আখ্যা দেন।

Nagad
Nagad