প্রকাশিত: ৭:৫৭ পূর্বাহ্, সেপ্টেম্বর ৩০, ২০২৫
সারাদিন ডেস্ক
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক অর্থকষ্টে দিন কাটাচ্ছেন। আইনজীবীর ফি দিতে না পারায় তিনি ইতোমধ্যে নিজের ল চেম্বারের সব বই বিক্রি করেছেন। এ তথ্য জানিয়েছেন তার আইনজীবী মোরশেদ হোসেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে প্রিজন ভ্যানে করে আদালত প্রাঙ্গণে আনা হয় বিচারপতি মানিককে। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তার আইনজীবী জানান, শামসুদ্দিন চৌধুরী মারাত্মক আর্থিক সংকটে রয়েছেন এবং মামলা পরিচালনার খরচ বহন করতে পারছেন না।
দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) তরিকুল ইসলাম জানান, বিচারপতি মানিকের বিরুদ্ধে ৫ কোটি ৩৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে মামলা দায়ের হয়েছে। আদালত পুলিশি আবেদন মঞ্জুর করে তাকে গ্রেপ্তার দেখান।
এর আগে পুলিশ তাকে দুই হাতে হাতকড়া পরিয়ে, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরিয়ে হাজতখানায় নেওয়া হয়। বেলা সাড়ে ১১টায় তাকে আদালতে তোলা হয় এবং কাঠগড়ায় দাঁড় করানো হয়। পরে আবারও হাতকড়া পরিয়ে প্রিজন ভ্যানে নেওয়া হয়। ওই ভ্যানে ছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা।