Print

সারাদিন

শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে জাতীয় ঐকমত্য কমিশন

প্রকাশিত: ১২:৪৩ অপরাহন, অক্টোবর ৫, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় ঐকমত্য কমিশন খুব শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে। রোববার (৫ অক্টোবর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের এক বৈঠকে এই তথ্য জানান কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। বৈঠকে উপস্থিত ছিলেন কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বৈঠকে জুলাই সনদ ও তার বাস্তবায়ন পদ্ধতি, রাজনৈতিক দলগুলোর মনোভাব এবং ঐকমত্য কমিশনের অবস্থান নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

অধ্যাপক আলী রীয়াজ জানান, কমিশন সকল রাজনৈতিক দল থেকে ব্যাপক সহযোগিতা পেয়েছে এবং গণমাধ্যমগুলোও কমিশনের কাজকে সমর্থন দিয়েছে। কমিশন সদস্যরা দ্রুততম সময়ে চূড়ান্ত অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন।

বৈঠকে উপস্থিত ছিলেন সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, কমিশন সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আসিফ নজরুল ও আদিলুর রহমান খানও বৈঠকে উপস্থিত ছিলেন।