প্রকাশিত: ১:৪৩ অপরাহন, অক্টোবর ৫, ২০২৫
সারাদিন ডেস্ক
ভারতীয় এক জেনারেলের ‘পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দেওয়া’ মন্তব্যের জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, ‘ভারত যদি যুদ্ধ ঘোষণা করে, তাহলে তাদের বিমানবাহিনীর ধ্বংসস্তূপের নিচেই ভারতকে কবর দিতে হবে।’
জিও নিউজে প্রকাশিত এক পোস্টে খাজা আসিফ বলেন, ভারতের সামরিক ও রাজনৈতিক নেতাদের সাম্প্রতিক উগ্র মন্তব্যগুলো তাদের অভ্যন্তরীণ সংকট লুকানোর চেষ্টা মাত্র। তিনি দাবি করেন, এসব মন্তব্যের আড়ালে ভারতের ভেতরকার চাপ ও জনমতের অস্থিতিশীলতা প্রতিফলিত হচ্ছে।
পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআর আরও স্পষ্ট করে জানিয়েছে-যদি ভারত কোনো আক্রমণ করে, পাকিস্তান পিছু হটবে না; তাদের জবাব হবে দ্রুত, সুনির্দিষ্ট এবং বিধ্বংসী। আইএসপিআরের ভাষ্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ও ভারতের কিছু কার্যক্রমকে সীমান্তপারের সন্ত্রাসবাদের উৎস হিসেবে চিহ্নিত করেছে বলে উল্লেখ করেছে।
মন্তব্যে তারা সতর্ক করে বলেছেন, ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ মতো হুমকি বাস্তবায়নের চেষ্টা করলে উভয় পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হবে।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে দুই দেশের মধ্যে সর্বশেষ বড় ধরনের সংঘাত ঘটেছিল। জম্মু-কাশ্মীরের পেহেলগামে পর্যটকবাহী একটি বাসে হামলায় ২৬ জন নিহত হলে উত্তেজনা তীব্রতর হয় এবং ইসলামাবাদের ওপর দায় চাপানো হয়। জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনইয়াদ-উল-মারসুস’ নামে এক অভিযান চালায়। তাদের দাবি, এ অভিযানে বেশ কয়েকটি ভারতীয় যুদ্ধবিমান ও ড্রোন ধ্বংস করা হয়। চার দিন ধরে চলা এই সংঘাতের পর ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়।