প্রকাশিত: ১১:৪৬ অপরাহন, অক্টোবর ৫, ২০২৫
সারাদিন ডেস্ক
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোট আয়োজনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে, জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।
রোববার (৫ অক্টোবর) দলগুলোর সঙ্গে কমিশনের চতুর্থ দফা সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
আলী রীয়াজ বলেন, ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। তাদের সম্মতির জন্য একটি গণভোট অনুষ্ঠানের বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে। আমরা একে বাস্তবায়ন প্রক্রিয়ার প্রথম বড় পদক্ষেপ হিসেবে দেখছি।’
তিনি জানান, এর আগে ১১, ১৪ ও ১৭ সেপ্টেম্বর তিন দফা বৈঠকের পর রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক আলোচনা ও মতবিনিময়ের সময় দেওয়া হয়েছিল। সেই আলোচনার ধারাবাহিকতায় চতুর্থ বৈঠকে এসে গণভোট ও সাংবিধানিক সংস্কার নিয়ে একটি অভিন্ন অবস্থান তৈরি হয়েছে।
সংসদ নির্বাচনের পর নতুন আইনসভার কাঠামো নিয়েও প্রস্তাব দিয়েছে কমিশন। এ বিষয়ে আলী রীয়াজ বলেন, ‘ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে গঠিত আইনসভাকে এমনভাবে সাজাতে হবে, যাতে জুলাই সনদের ভিত্তিতে প্রস্তাবিত সাংবিধানিক সংশোধনগুলো সহজে সম্পন্ন করা যায়।’
তিনি আরও জানান, পূর্বে কিছু দল সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার কথা বললেও এখন অধিকাংশ দল মনে করছে, এর প্রয়োজন নাও হতে পারে।
রাজনৈতিক দলগুলোর সহনশীলতা ও অবস্থান পরিবর্তনের সাহসিকতার প্রশংসা করে আলী রীয়াজ বলেন, ‘তারা দলীয় অবস্থান থেকে সরে এসে জাতীয় ঐক্য তৈরিতে ভূমিকা রেখেছে। জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে এটা বড় ধরনের অগ্রগতি।’
কমিশনের সহ-সভাপতি জানান, এই অগ্রগতির বিষয়টি ইতিমধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অবহিত করা হয়েছে। তিনি দ্রুততার সঙ্গে সুপারিশ চূড়ান্ত করার নির্দেশ দিয়েছেন।
১৫ অক্টোবরের মধ্যেই সুপারিশ চূড়ান্ত করে সরকারের কাছে পেশ করার আশা করছে কমিশন। ইতোমধ্যে আলোচনায় যুক্ত ৩০টি দলের তিন-চতুর্থাংশের পক্ষ থেকে সনদে স্বাক্ষরের জন্য প্রতিনিধিদের নাম কমিশনের হাতে পৌঁছেছে।
আলী রীয়াজ বলেন, আগামী ৮ অক্টোবর বিকেলে আবারও রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে বৈঠক হবে। পাশাপাশি আইনি ও সাংবিধানিক কাঠামো স্পষ্ট করতে বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গেও আলাদা বৈঠকের পরিকল্পনা রয়েছে।