প্রকাশিত: ১১:৫২ অপরাহন, অক্টোবর ৫, ২০২৫
গাইবান্ধা সংবাদদাতা:
গাইবান্ধার সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে মোছা. আজেনা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আজেনা বেগম সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা (দকিদার মোড়) গ্রামের মো. আবুল হোসেনের স্ত্রী।
বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মো. ইব্রাহিম খলিলুল্লাহ জানান, আজেনা বেগমের বাড়িতে একটি বকরি ও দুটি ছাগলছানা ছিল। এর মধ্যে একটি ছাগলছানা অসুস্থ হলে ৩০ সেপ্টেম্বর সেটি জবাই করেন তিনি। এ সময় তার হাতে হাড় লেগে আঙুলে ক্ষত হয়।
এরপর স্থানীয় এক পল্লী চিকিৎসকের পরামর্শে ওষুধ গ্রহণ করেন আজেনা বেগম। অবস্থার অবনতি হলে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আজেনা বেগমের ভাতিজা ও পল্লী চিকিৎসক মো. আশরাফুল ইসলাম বলেন, ‘প্রথম দিন যখন তিনি আমার কাছে আসেন, তখন হাতের একটি আঙুলে কালো ফোঁসকা ছিল। পরে সেটি শুকিয়ে যায়, কিন্তু জায়গাটি লালচে হয়ে থাকে। আমি তাকে সতর্ক করে বলেছিলাম-এটি অ্যানথ্রাক্স সংক্রমণ হতে পারে, দ্রুত হাসপাতালে যান।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক বলেন, ‘৪ অক্টোবর ওই রোগী খুব খারাপ অবস্থায় হাসপাতালে আসেন। প্রাথমিক চিকিৎসার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।’
তিনি আরও বলেন, ‘পরীক্ষা ছাড়া নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এটি অ্যানথ্রাক্স ছিল কিনা। তবে রোগীর শারীরিক অবস্থায় ও চিকিৎসার ইতিহাসে অ্যানথ্রাক্সের উপসর্গ পাওয়া গেছে।’