প্রকাশিত: ১০:২৬ পূর্বাহ্, অক্টোবর ৭, ২০২৫
সারাদিন ডেস্ক
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দিতে এবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। দেশের শিক্ষা প্রশাসনে এটি এক নজিরবিহীন পদক্ষেপ, কারণ মাউশির ডিজি নিয়োগে এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের আহ্বান জানানো হলো।
সোমবার (৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (সরকারি কলেজ-১) উপসচিব তানিয়া ফেরদৌসের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বর্তমানে মাউশির মহাপরিচালকের দায়িত্বে রয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান। তিনি দায়িত্বে থাকতেই নতুন ডিজি নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে মন্ত্রণালয়।
আবেদনকারীদের যোগ্যতা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৬তম এবং তদূর্ধ্ব ব্যাচের কর্মকর্তারা আগামী ৭ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ অফলাইনে আবেদন করতে পারবেন। প্রার্থীকে সৎ, দায়িত্বপরায়ণ, প্রশাসনিকভাবে দক্ষ এবং শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণে কৃতিত্বের স্বাক্ষর রাখতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন গুরুত্বপূর্ণ এই অধিদপ্তরটি দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষা কার্যক্রম পরিচালনা ও তদারকি করে। মাউশির আওতায় রয়েছে ৯টি আঞ্চলিক কার্যালয় এবং প্রতিটি জেলার শিক্ষা অফিস।
আগেও বিজ্ঞপ্তি দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়
এর আগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য পদেও আবেদন আহ্বান করেছিল শিক্ষা মন্ত্রণালয়, যা তখন শিক্ষা অঙ্গনে আলোচনার জন্ম দেয়।