প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্, অক্টোবর ৯, ২০২৫
সারাদিন ডেস্ক
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বুধবার (৮ অক্টোবর) রাতে রাজধানীর চন্দ্রিমা উদ্যানস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে কোরআন তেলাওয়াত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি সমাধি প্রাঙ্গণের উদ্দেশে রওনা হন। সেখানে পৌঁছে গাড়ির ভেতর থেকেই কোরআন তেলাওয়াত ও মোনাজাত করেন বেগম জিয়া।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। প্রায় ২৫ মিনিট সেখানে অবস্থান করার পর রাত ১১টা ২৫ মিনিটের দিকে বেগম খালেদা জিয়া সমাধি প্রাঙ্গণ ত্যাগ করে গুলশানের ফিরোজা ভিলায় ফিরে যান।
এর আগে, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দলীয় নেতারা সমাধি প্রাঙ্গণে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করেন। বেগম জিয়ার এ সফরকে কেন্দ্র করে সমাধি প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়।