Print

সারাদিন

‘শাপলা প্রতীক ছাড়া দলের নিবন্ধন নেবে না এনসিপি’

প্রকাশিত: ৮:৩৮ অপরাহন, অক্টোবর ৯, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

নির্বাচন কমিশনে শাপলা প্রতীক বরাদ্দের দাবিতে অনড় অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শাপলা প্রতীক ছাড়া তারা দলের নিবন্ধন নেবেন না।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “শাপলা প্রতীক দিতে ইসির আইনি বা রাজনৈতিক কোনো বাধা নেই। দুই ঘণ্টার আলোচনায় কমিশন কোনো ব্যাখ্যা দিতে পারেনি। তাই শাপলা প্রতীক ছাড়া এনসিপির নিবন্ধন হবে না।”

তিনি আরও বলেন, “নির্বাচন কমিশনের সামনে এখন দুটি পথ— হয় শাপলা প্রতীক দিতে হবে, নয়তো প্রতীকের তালিকা থেকে ধানের শীষ ও সোনালি আঁশ বাদ দিতে হবে।”

এনসিপির মুখ্য সমন্বয়ক অভিযোগ করেন, কমিশনের কিছু কর্মকর্তা নানাভাবে চাপের মুখে আছেন। “যদি কোনো অদৃশ্য শক্তি থেকে চাপ আসে, তারা যেন আমাদের জানান। আমরা রাজপথে মোকাবিলা করবো,” বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘আমরা শাপলার দাবিতে অনড় আছি। এটি আমাদের ন্যায্য অধিকার। শাপলা প্রতীক ছাড়া নিবন্ধন আমরা মানবো না।’

Nagad
Nagad

বৈঠকে এনসিপির মুখ্য সমন্বয়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা উপস্থিত ছিলেন। তারা বলেন, ১৮ বছর পূর্ণ হওয়া নতুন ভোটারদের ভোটের সুযোগ নিশ্চিত করতে হবে এবং বিলুপ্ত রাজনৈতিক দলের নিবন্ধন প্রদানে সংশ্লিষ্ট ইসি কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা উচিত।

এর আগে, নির্বাচন কমিশন জানায়, শাপলা প্রতীক নির্বাচন পরিচালনা বিধিতে না থাকায় এনসিপিকে তা বরাদ্দ দেওয়া যাচ্ছে না। তবে দলটি বিধি সংশোধনের দাবি জানিয়ে চিঠি দিয়েছে এবং ‘শাপলা’, ‘সাদা শাপলা’ বা ‘লাল শাপলা’—এই তিনটির যেকোনো একটিকে প্রতীক হিসেবে অনুমোদনের আহ্বান জানিয়েছে।