Print

সারাদিন

বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শন সংক্রান্ত অনুচ্ছেদ বিলুপ্তি চায় ঐকমত্য কমিশন

প্রকাশিত: ৯:৪৯ পূর্বাহ্, অক্টোবর ১১, ২০২৫

সারাদিন ডেস্ক

দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি প্রদর্শন সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ ৪(ক) বিলুপ্ত করতে চায় অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় ঐকমত্য কমিশন।

এ লক্ষ্যে সংবিধানের অনুচ্ছেদ ৪(ক) বিলুপ্তির প্রস্তাব ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করছে কমিশন। রাজনৈতিক দলগুলোর কাছে এ বিষয়ে দ্রুত মতামত চেয়ে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের স্বাক্ষরে এই চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, ‘রাজনৈতিক দল ও জোটসমূহের সঙ্গে জুলাই সনদ ২০২৫ প্রণয়ন এবং বাস্তবায়ন বিষয়ক বৈঠক শেষ হয়েছে। এ পর্যায়ে কমিশন সংবিধানের অনুচ্ছেদ ৪(ক)-এ উল্লিখিত বিধানটি বিলুপ্তির প্রস্তাব সনদে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করছে।’

সংবিধানের ওই অনুচ্ছেদ অনুযায়ী, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনসমূহে সংরক্ষণ ও প্রদর্শন করিতে হইবে।’

চিঠিতে রাজনৈতিক দলগুলোকে আগামী শনিবার (১১ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে লিখিত মতামত পাঠাতে বলা হয়েছে। মতামত কমিশনের ঠিকানায় সরাসরি বা ই-মেইল ও হোয়াটসঅ্যাপে পাঠানো যাবে বলেও উল্লেখ করা হয়েছে।

Nagad
Nagad

এ বিষয়ে জানতে চাইলে আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান কমিশন থেকে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি জানান, এখনো দলীয় মতামত পাঠানো হয়নি।

উল্লেখ্য, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০১১ সালের ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ‘জাতির পিতার প্রতিকৃতি’ শিরোনামের চতুর্থ ধারা যুক্ত করা হয়। এর মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শন বাধ্যতামূলক করা হয়।