Print

সারাদিন

দুই দিন পিছিয়েছে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান

প্রকাশিত: ১১:২৪ অপরাহন, অক্টোবর ১১, ২০২৫

সারাদিন ডেস্ক

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান আগামী ১৫ অক্টোবর, বুধবারের পরিবর্তে ১৭ অক্টোবর, শুক্রবার অনুষ্ঠিত হবে। জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিনে অনুষ্ঠানটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে রাতে প্রধান উপদেষ্টার সহকারী প্রেসসচিব সুচিস্মিতা তিথী এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

বৈঠক শেষে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, ‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান একটি ঐতিহাসিক ঘটনা। আগ্রহী জনগণের অংশগ্রহণের সুবিধার্থে অনুষ্ঠানটি ১৭ অক্টোবর, শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।’

এর আগে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, অনুষ্ঠানটি ১৫ অক্টোবর, বুধবার বিকেলে অনুষ্ঠিত হবে।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

Nagad
Nagad