প্রকাশিত: ৫:৪৬ অপরাহন, অক্টোবর ১৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
দেশের অন্যতম পর্যটননগরী কক্সবাজারের বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছে সরকার।
রবিবার (১২ অক্টোবর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আহমেদ জামিলের স্বাক্ষরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দ্য সিভিল এভিয়েশন রুলস, ১৯৮৪-এর রুল ১৬ এর সাব-রুল (১) অনুসারে সরকার কক্সবাজার বিমানবন্দরকে ‘কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর’ হিসেবে ঘোষণা করছে।
সরকারি প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে চলমান কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পন্ন হলো। এখন থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের জন্য বিমানবন্দরটি প্রস্তুত করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।