Print

সারাদিন

মালয়েশিয়ায় ৫ বাংলাদেশিসহ ৩২ অবৈধ অভিবাসী আটক

প্রকাশিত: ১১:৪৮ অপরাহন, অক্টোবর ১৪, ২০২৫

সারাদিন ডেস্ক

মালয়েশিয়ার বাটু পাহাত জেলায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৩২ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে জোহর রাজ্যের ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুস জানান, ‘অপস সেলেরা’, ‘অপস মিনিয়াক’ ও ‘অপস সাপু’ নামের সমন্বিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে স্থানীয় খাবারের দোকান, গাড়ি ধোয়ার কেন্দ্র ও বিদেশি শ্রমিকদের বসবাসের এলাকায় তল্লাশি চালানো হয়। গত এক সপ্তাহের গোয়েন্দা নজরদারি ও স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয় বলে জানিয়েছেন দাতুক রুসদি।

অভিযানের সময় মোট ৯৬ জন বিদেশির কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ৩২ জনকে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের কারণে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩-এর বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

আটকদের অপরাধের মধ্যে রয়েছে- বৈধ ভ্রমণ নথি বা অনুমতিপত্র ছাড়া অবস্থান, কাজের অনুমতি অপব্যবহার, বৈধ অনুমতি ছাড়া কাজ করা এবং মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে মালয়েশিয়ায় অবস্থান করা।

আটকদের মধ্যে রয়েছেন- ৫ বাংলাদেশি, ৫ ভারতীয়, ১ পাকিস্তানি, মিয়ানমারের ৫ জন (৪ পুরুষ ও ১ নারী) এবং ইন্দোনেশিয়ার ১৬ জন (৮ পুরুষ ও ৮ নারী)। তাদের বয়স ১৯ থেকে ৫২ বছরের মধ্যে। আটক সবাইকে তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সেতিয়া ট্রোপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

Nagad
Nagad

এ সময় তদন্তে সহযোগিতার জন্য স্থানীয় চারজনকে বোরাং ২৯ (সাক্ষী সমন) প্রদান করা হয়।

দাতুক রুসদি জানান, ‘অবৈধভাবে অবস্থানকারী ও অনুমতি ছাড়া কাজ করা বিদেশিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’