Print

সারাদিন

দাবি না মানা পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ: শিক্ষকদের ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা

প্রকাশিত: ৫:২১ অপরাহন, অক্টোবর ১৫, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। এর অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) তারা ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করবেন।

শিক্ষক নেতারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশব্যাপী সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৪টা ৪০ মিনিটে শাহবাগে চলমান ব্লকেড কর্মসূচি থেকে নতুন এ কর্মসূচির ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

তিনি বলেন, ‘দীর্ঘ তিন ঘণ্টা ধরে আমরা শাহবাগে অবস্থান নিয়েছি। সরকারের প্রতিনিধি দল আমাদের সঙ্গে আলোচনায় বসেছে। কিন্তু আমরা স্পষ্ট জানিয়েছি—পূর্ণ দাবি মেনে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে আমরা লাশ হয়েও ফিরব, তবুও দাবি আদায় করে ছাড়ব।’

অধ্যক্ষ দেলাওয়ার আরও বলেন, ‘গত চার দিন ধরে আমরা আন্দোলন করছি। সরকারের পক্ষ থেকে মাত্র ১০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে, যা আমরা প্রত্যাখ্যান করেছি। আমরা পূর্ণ দাবির প্রজ্ঞাপন চাই। সেই দাবিতেই আগামীকাল ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করব।’

শিক্ষক নেতা জানান, সারাদেশের শিক্ষকরা এখন আন্দোলনে যোগ দিয়েছেন। ‘আমাদের কর্মবিরতি চলছে। আগামীকাল দেশের বিভিন্ন স্কুলের পরীক্ষা সম্পূর্ণভাবে বর্জন করা হবে। দাবি না মানা পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব—প্রয়োজনে আমরণ অনশনেও যাব,’ বলেন তিনি।

Nagad
Nagad

উল্লেখ্য, বাড়িভাড়া বৃদ্ধি, বৈষম্য দূরীকরণ ও এমপিওভুক্ত শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবিতে কয়েকদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষকরা আন্দোলন করছেন।