Print

সারাদিন

৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১,২১৯ জন

প্রকাশিত: ১১:২৭ অপরাহন, অক্টোবর ১৯, ২০২৫

সারাদিন ডেস্ক

শিক্ষা ক্যাডারে নিয়োগের জন্য অনুষ্ঠিত ৪৯তম বিশেষ বিসিএসের ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ১,২১৯ জন প্রার্থী।

রোববার (১৯ অক্টোবর) রাত ১০টা ১০ মিনিটে ফল প্রকাশ করে পিএসসি। ফলাফলে সই করেছেন প্রতিষ্ঠানটির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীন।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ১০ অক্টোবর। এতে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা দেখা যাবে পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) বা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (bpsc.teletalk.com.bd)।

এতে আরও বলা হয়, যুক্তিসংগত কারণে প্রয়োজন হলে কমিশন ফলাফল সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

পিএসসির রোডম্যাপ অনুযায়ী, ৪৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হবে ২৬ অক্টোবর থেকে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই এতে অংশ নিতে পারবেন।

Nagad
Nagad

গত ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় লিখিত (এমসিকিউ) পরীক্ষা, যা শুধু ঢাকা মহানগরে অনুষ্ঠিত হয়। এতে অংশ নিতে আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ জন প্রার্থী, যদিও প্রকৃত অংশগ্রহণকারীর সংখ্যা জানায়নি পিএসসি।

৪৯তম বিশেষ বিসিএসের মাধ্যমে দেশের সরকারি সাধারণ কলেজে ৬৫৩টি প্রভাষক পদে এবং শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০টি প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে।

সবচেয়ে বেশি শূন্যপদ বাংলা বিভাগে (৬১টি)। এছাড়া রাষ্ট্রবিজ্ঞান (৫৫টি), ইংরেজি (৫০টি), অর্থনীতি (৪০টি), দর্শন (৩০টি), রসায়ন (৩০টি) এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (৩২টি) বিভাগে নিয়োগ দেওয়া হবে।