Print

সারাদিন

আতিউর-বারাকাতসহ শীর্ষ অর্থনীতিবিদদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চার্জশিট অনুমোদন

প্রকাশিত: ৬:১৩ অপরাহন, অক্টোবর ২০, ২০২৫

সারাদিন ডেস্ক

জনতা ব্যাংক থেকে ঋণের নামে এক হাজার ১৩০ কোটি টাকা আত্মসাতের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ড. আবুল বারাকাতসহ ২৬ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২০ অক্টোবর) দুদক কমিশনের বৈঠকে এ চার্জশিটের অনুমোদন দেওয়া হয়।

দুদকের তদন্তে জানা যায়, যোগ্যতা না থাকা সত্ত্বেও ভুয়া কাগজপত্রের ভিত্তিতে এনানটেক্স গ্রুপের ২২টি প্রতিষ্ঠানকে শর্ত শিথিল করে বিপুল পরিমাণ ঋণ দেওয়া হয়। তদন্তে উঠে এসেছে, ঋণের নামে আত্মসাৎ করা ৫৩১ কোটি ৪৩ লাখ টাকা সুদ-আসলে বর্তমানে এক হাজার ১৩০ কোটি ১৮ লাখ টাকায় দাঁড়িয়েছে।

চার্জশিটভুক্ত অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন-এনানটেক্স গ্রুপের চেয়ারম্যান ইউনুছ বাদল, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী, সাবেক নির্বাহী পরিচালক নওশাদ আলী চৌধুরী, জনতা ব্যাংকের সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদসহ মোট ২৬ জন।

এর আগে, চলতি বছরের ২২ ফেব্রুয়ারি ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করে দুদক। পরবর্তীতে অর্থনীতিবিদ আবুল বারাকাতকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়।

দুদক সূত্র জানিয়েছে, মামলার পরবর্তী ধাপে চার্জশিট আদালতে দাখিল করা হবে।

Nagad
Nagad