Print

সারাদিন

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, নিরপেক্ষ ভূমিকা চেয়েছে: আইন উপদেষ্টা

প্রকাশিত: ১:৫৯ অপরাহন, অক্টোবর ২২, ২০২৫

জ্যেষ্ঠ প্রতিবেদক:

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, বর্তমান অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, আমি বিএনপির সঙ্গে আলোচনায় যেটা বুঝেছি, ওনারা তত্ত্বাবধায়ক সরকার চাননি। বরং বলেছেন, অন্তর্বর্তী সরকার যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ ভূমিকা পালন করে। তারা আমাদের কাছ থেকে নিরপেক্ষতার নিশ্চয়তা চেয়েছেন। আমরা বলেছি, আমরা ইতিমধ্যেই নিরপেক্ষভাবে কাজ করছি।

আইন উপদেষ্টা আরও বলেন, প্রধান উপদেষ্টা নিজে আশ্বাস দিয়েছেন যে জনপ্রশাসন বা অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বড় ধরনের বদলি হলে তিনি তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। নিরপেক্ষতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।

নির্বাচনকালীন সরকার ছোট হবে কি না-এমন প্রশ্নে তিনি বলেন, এ ধরনের কোনো বিষয় আলোচনা হয়নি। এটা উপদেষ্টা পরিষদের আলোচনার বিষয় হতে পারে। তবে এখন পর্যন্ত কেউ এমন কোনো দাবি তোলেননি।

দলীয় ব্যক্তিদের অন্তর্বর্তী সরকারে অন্তর্ভুক্ত না করার বিষয়ে বিএনপির বক্তব্য প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, ওনারা এর আগেও এ কথা বলেছেন। এতে নতুন কিছু নেই।

Nagad
Nagad

একজন উপদেষ্টার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি জনপ্রশাসনের দায়িত্বে নেই, তাই এ ব্যাপারে মন্তব্য করার মতো জায়গায়ও নই।

জনপ্রশাসনের নিয়োগ ও বদলি দলীয়ভাবে হচ্ছে কি না-এ প্রশ্নে ড. আসিফ নজরুল বলেন, আমরা তা মনে করি না। কারণ, আমাদের বিরুদ্ধে সব দলই অভিযোগ তোলে অন্য দলের প্রভাব আছে। অর্থাৎ, সব দলই যদি বলে অন্য দলের লোক আছে, তাহলে বুঝতে হবে আমরা নিরপেক্ষভাবে কাজ করছি।