Print

সারাদিন

জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা মিললেই স্বাক্ষর করবে এনসিপি: আখতার হোসেন

প্রকাশিত: ৩:৩৪ অপরাহন, অক্টোবর ২৫, ২০২৫

সারাদিন ডেস্ক

জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত না হওয়া পর্যন্ত এতে স্বাক্ষর করবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, সনদ বাস্তবায়নের আদেশের খসড়া ও পরিধি স্পষ্ট না হলে এনসিপি স্বাক্ষরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না।

শনিবার (২৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, ‘এক দল জুলাই সনদকে মুছে দিতে চায়, আরেক দল চায় তা ভেস্তে দিতে। জুলাই সনদ যেন কোনো দলের চাপে পড়ে প্রতারণার বস্তু না হয়—এ বিষয়ে আমরা জোর দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘স্বাক্ষর কেবল আনুষ্ঠানিকতা। জনগণকে সনদ বাস্তবায়নের আদেশের খসড়া জানতে হবে, বিষয়গুলো স্পষ্ট হতে হবে। তারপর এনসিপি সিদ্ধান্ত নেবে।’

এসময় তিনি জানান, সনদ বাস্তবায়ন আদেশের টেক্সট না দেখে জুলাই সনদে স্বাক্ষর করা হবে না।

নির্বাচনী প্রতীক বিষয়ে আখতার হোসেন বলেন, এনসিপি শাপলা প্রতীকেই নির্বাচন করতে চায়। এখনো কোনো দলের সঙ্গে জোট নিয়ে আলোচনা হয়নি। তবে আলোচনা সাপেক্ষে জোটের সম্ভাবনা থাকতে পারে।

Nagad
Nagad

সভায় এনসিপির পক্ষে উপস্থিত ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে ছিলেন কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজসহ অন্যান্য সদস্যরা।