Print

সারাদিন

নির্বাচন প্রস্তুতি নিয়ে তিন বাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

প্রকাশিত: ১১:৫৪ অপরাহন, নভম্বর ১, ২০২৫

সারাদিন ডেস্ক

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকে জাতীয় নিরাপত্তা ও নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় তিন বাহিনীর সদস্যদের দেশের আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পরিশ্রমের প্রশংসা করেন ড. ইউনূস।

তিনি বলেন, গত ১৫ মাসে সেনাবাহিনীসহ সব বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় নিরলস পরিশ্রম করেছে। আসন্ন নির্বাচন যেন নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকে, সে বিষয়ে তিন বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

ড. ইউনূস আরও বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠকে তিন বাহিনী প্রধানরা প্রধান উপদেষ্টাকে জানান, নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Nagad
Nagad

সূত্রে জানা যায়, নির্বাচনের সময় মাঠপর্যায়ে ৯০ হাজার সেনা সদস্য, আড়াই হাজার নৌবাহিনী সদস্য এবং বিমানবাহিনীর বিশেষ দল মোতায়েন থাকবে। প্রতিটি উপজেলায় একটি করে সেনা কোম্পানি দায়িত্ব পালন করবে।

বৈঠকে আরও জানানো হয়, আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজনে অংশ নেওয়ার জন্য তিন বাহিনী প্রধান প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।